বুধবার, ০৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের হামলার দাবি: বাহরাইন-কুয়েতে ৮৫ মার্কিন সামরিক স্থাপনায় আক্রমণ

ইরানের আইআরজিসি বাহরাইন ও কুয়েতে ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে।

ইরানের হামলার দাবি: বাহরাইন-কুয়েতে ৮৫ মার্কিন সামরিক স্থাপনায় আক্রমণ

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। বুধবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির একটি বিবৃতিতে বলা হয়েছে, তাদের নেভাল ও এয়ার ফোর্স যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে। হামলার লক্ষ্যবস্তু ছিল বাহরাইনের মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটি।

তবে হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে আইআরজিসি বিস্তারিত কিছু জানায়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

আইআরজিসি জানায়, এই হামলাটি ছিল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার 'প্রাথমিক জবাব'। তারা অভিযোগ করেছে যে, মার্কিন বাহিনী গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এই হামলার মাধ্যমে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজা ও শেষ বিদায়ের অনুষ্ঠান ধামাচাপা দিতে চেয়েছে।

ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড হামলার পর যুক্তরাষ্ট্রকে ‘বিধ্বংসী জবাব’ দেওয়ার ঘোষণা দিয়েছে এবং হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় মার্কিন হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স যুক্তরাষ্ট্রের হামলাকে ‘স্পষ্ট আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করেছে।

এদিকে, মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলার এ ধারাবাহিকতায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে, উভয় পক্ষের সামরিক তৎপরতা অব্যাহত থাকলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

বিজ্ঞাপন