কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ৮৫টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই হামলাকে মার্কিন হামলার প্রাথমিক জবাব হিসেবে উল্লেখ করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এর আগে হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে তেহরানের হামলার প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র পাল্টা আক্রমণ করেছে।
সেন্টকমের তথ্য অনুযায়ী, ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথে হামলার জন্য ইরানকে বড় ধরনের মূল্য দিতে হবে।
ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলাগুলো কেশম দ্বীপ, আব্বাস বন্দর ও সিরিক এলাকায় চালানো হয়েছে। তেহরান এই হামলাকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে।
এই হামলার কড়া হুঁশিয়ারির পরপরই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে ইরান।