বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ না করলেও ফুটবল উন্মাদনায় পিছিয়ে নেই। বিশেষ করে লাতিন আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থন নিয়ে দেশটি যেন দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।
বিশ্বকাপের সময় আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকায় সজ্জিত হয় পুরো দেশ। সমর্থকরা জার্সি পরে মিছিল করে এবং খেলা দেখার জন্য বড় পর্দায় জড়ো হন। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সারাবিশ্বে বাংলাদেশিদের এই ফুটবল পাগলামি ছড়িয়ে পড়েছে।
ব্রাজিলের শীর্ষ গণমাধ্যম গ্লোবো ইস্পোর্তে বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের উন্মাদনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ‘সবুজ-হলুদে বাংলাদেশ: এশীয়দের ব্রাজিলকে ভালোবাসার কারণ জেনে নিন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ব্রাজিলের জন্য বাংলাদেশিদের উদযাপনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
গ্লোবোর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকা শহরের রাস্তায় অসংখ্য মানুষ বড় স্ক্রিনে ব্রাজিলের ম্যাচ দেখছে এবং উচ্ছ্বাস প্রকাশ করছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় দলের আন্তর্জাতিক ফুটবলে সাফল্য না পাওয়ার কারণে ফুটবলপ্রেমীরা মূলত ব্রাজিল ও আর্জেন্টিনাকে সমর্থন করে।
গ্লোবোর দাবি, বাংলাদেশে আর্জেন্টিনার তুলনায় ব্রাজিলের সমর্থক সংখ্যা বেশি। প্রতিবেদনে ঢাকার বিভিন্ন অঞ্চলে ব্রাজিলের সমর্থকদের উন্মাদনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
এদিকে, ব্রাজিলের ফুটবলাররা বাংলাদেশে তাদের ভক্তদের পাগলামির কথা জানেন। জাপানের বিপক্ষে ম্যাচ শেষে গোলকিপার আলিসন বেকার বাংলাদেশের নাম শুনে বলেছেন, ‘ও নাইস। ধন্যবাদ বাংলাদেশ। আমি তোমাদের ভিডিওগুলো দেখেছি। সত্যিই অসাধারণ।’ কাসেমিরোও বাংলাদেশের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।