২০২৬ ফুটবল বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। হতাশাজনক পারফরম্যান্সের দায় কাঁধে নিয়ে জাতীয় দলের প্রধান কোচ হং মিয়ং-বো পদত্যাগ করেছেন।
এদিকে, দলের ব্যর্থতার কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট লি জে-মিয়াং। সোমবার (২৯ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজে এ তথ্য জানানো হয়।
রোববার এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন হং। তিনি বলেন, "আমাদের সমর্থকেরা যে ফল আশা করেছিলেন, আমরা তা এনে দিতে পারিনি। প্রধান কোচ হিসেবে এর পুরো দায়িত্ব আমার।"
ফিফা র্যাঙ্কিংয়ে ৩২তম স্থানে থাকা দক্ষিণ কোরিয়া এবার একটি ম্যাচে জয় পেলেও বাকি দুটি ম্যাচে হারায়। ফলে 'এ' গ্রুপে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার পেছনে তৃতীয় অবস্থানে থেকে গ্রুপ পর্বেই বিদায় নিতে হয়।
বিশেষ করে দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ গোলে হারের পর দেশটিতে সমালোচনার ঝড় ওঠে। প্রেসিডেন্ট লি জে-মিয়াং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, "দলের এমন অপ্রত্যাশিত বিদায় আমাকে হতবাক করেছে। এটি কেবল মাঠের ব্যর্থতা নয়, বরং দল পরিচালনা ও জনবল নির্বাচনেরও ব্যর্থতা।"
দক্ষিণ কোরিয়ার ফুটবল ইতিহাসে হং মিয়ং-বো একটি পরিচিত নাম। ২০০২ বিশ্বকাপে দলের অধিনায়ক হিসেবে সেমিফাইনালে পৌঁছেছিলেন তিনি। তবে কোচ হিসেবে তার অভিজ্ঞতা সুখকর নয়। ২০১৪ বিশ্বকাপেও তার অধীনে দক্ষিণ কোরিয়া গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল।
পদত্যাগের ঘোষণা দিলেও হং জানান, "আমি জাতীয় দল ছেড়ে যাচ্ছি, কিন্তু দক্ষিণ কোরিয়ার ফুটবলকে ছেড়ে যাচ্ছি না।"
এদিকে, কোচের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার পর দেশে ফেরার সময় ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।