সোমবার, ২৯ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শিল্পী সমিতির নির্বাচনে কারচুপির আশঙ্কা, রিনা খানের হুঁশিয়ারি

শিল্পী সমিতির নির্বাচনে কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন রিনা খান।

শিল্পী সমিতির নির্বাচনে কারচুপির আশঙ্কা, রিনা খানের হুঁশিয়ারি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীরা নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরছেন শিল্পীদের কাছে।

সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী রিনা খান নির্বাচনের সুষ্ঠু ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তিনি আরমান-মুক্তি প্যানেল থেকে প্রার্থী হয়েছেন। রিনা খান বলেন, "আমি বলব না যে কারচুপির সম্ভাবনা নেই। পৃথিবীর প্রায় সব নির্বাচনেই কারচুপির আশঙ্কা থাকে। তবে আমরা কোনো ধরনের কারচুপি হতে দিব না।"

তিনি আরও জানান, কারচুপির চেষ্টা হলে তা প্রতিহত করতে শিল্পীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। রিনা বলেন, "সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে যা যা প্রয়োজন, আমরা সেই ব্যবস্থা নেব।"

এদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

শিল্পী সমিতির এবারের নির্বাচনে মুখোমুখি হয়েছে দুটি পূর্ণাঙ্গ প্যানেল। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী। অন্যদিকে, সভাপতি পদে রয়েছেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন রুমানা ইসলাম মুক্তি।

নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে নির্বাচিত হবে নতুন নির্বাহী কমিটি।

বিজ্ঞাপন