ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২, যা কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার (১০৪ মাইল) পশ্চিমে মোরনের পশ্চিমাঞ্চলে আঘাত হানে। মাত্র এক মিনিট পর একই এলাকার কাছাকাছি ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।
এই ভূমিকম্পের ফলে উচ্চ মাত্রার প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ইউএসজিএসের মতে, প্রাণহানির সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত হতে পারে।
ভূমিকম্পের পর আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় বের হয়ে আসেন। কারাকাসের আলতামিরা এলাকায় কয়েকটি ভবন ধসে পড়েছে।
ক্ষয়ক্ষতির কারণে কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া, আরও বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।