বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেপাল ফুটবল ফেডারেশনকে স্থগিত করলো ফিফা, সৃষ্টি অনিশ্চয়তা

ফিফা নেপাল ফুটবল ফেডারেশনকে স্থগিত করেছে, ফলে ফুটবলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

নেপাল ফুটবল ফেডারেশনকে স্থগিত করলো ফিফা, সৃষ্টি অনিশ্চয়তা

তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-কে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই সিদ্ধান্তের ফলে নেপাল আন্তর্জাতিক ফুটবলে অংশগ্রহণ থেকে ছিটকে গেছে এবং দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বুধবার (২৪ জুন) ‘ফিফা কাউন্সিল ব্যুরো’র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে। ফিফা নেপাল ফুটবল ফেডারেশনের কার্যক্রমে তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে স্থগিতাদেশের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে।

এই নিষেধাজ্ঞার ফলে, নেপালের জাতীয় দল ও ক্লাবগুলো আর ফিফা কিংবা এশিয়ান ফুটবল কাউন্সিল (এএফসি) আয়োজিত কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। পাশাপাশি এএনএফএ, এর সদস্য সংগঠন ও কর্মকর্তারা ফিফা এবং এএফসির অর্থায়ন, উন্নয়ন কর্মসূচি, প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম থেকেও বঞ্চিত হবেন।

নেপালের ফুটবল প্রশাসন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগে, দেশটির জাতীয় ক্রীড়া পরিষদ তিন মাসের জন্য এএনএফএকে স্থগিত করলেও পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

বিরোধের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন স্পোর্টস কাউন্সিল এএনএফএ'র প্রস্তাবিত নির্বাচনকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়, যার ফলে নির্বাচন স্থগিত করতে বাধ্য হয় ফুটবল ফেডারেশন। এদিকে, সভাপতি পঙ্কজ বিক্রম নেমবাংয়ের নেতৃত্বাধীন বর্তমান নির্বাহী কমিটির মেয়াদও ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

ফিফা জানিয়েছে, সংস্থার শর্ত পূরণ করে স্বাভাবিক প্রশাসনিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

বিজ্ঞাপন