চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম গ্রেপ্তারের পরদিন কারাগারে মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে।
সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে একটি মামলায় গ্রেপ্তার হয়ে নুরুল আলমকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারের পর তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, নুরুল আলমকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সনদে শ্বাসকষ্টজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।