শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ডোমিনিকান রিপাবলিকে রিসোর্টের আগুনে ইতালীয় পর্যটকের মৃত্যু

ডোমিনিকান রিপাবলিকে রিসোর্টের আগুনে ইতালীয় পর্যটক ফ্রান্সেসকা ভ্যালেন্টিনোর মৃত্যু হয়েছে।

ডোমিনিকান রিপাবলিকে রিসোর্টের আগুনে ইতালীয় পর্যটকের মৃত্যু

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ডোমিনিকান রিপাবলিকের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত বায়ারহিবের একটি চার তারকা বিলাসবহুল সৈকত রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ জুন) বেলা ১১টার দিকে ‘ভিভা উইন্ডহাম ডমিনিকাস বিচ হোটেল’-এ এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ৪৬ বছর বয়সী ইতালীয় পর্যটক ফ্রান্সেসকা ভ্যালেন্টিনোর মৃত্যু হয়েছে।

ড্রোনের ধারণ করা ভিডিওতে দেখা যায়, রিসোর্টটির ঐতিহ্যবাহী খড় ও পাম গাছের পাতা দিয়ে তৈরি ছাদগুলো দাউদাউ করে জ্বলছে এবং চারপাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। সৈকতের পানিতে নেমে প্রাণ বাঁচানোর চেষ্টা করতে দেখা যায় শত শত পর্যটককে।

দেশটির জরুরি সেবা সংস্থা ডিএইএইচ জানায়, অগ্নিকাণ্ডের পর দ্রুত তৎপরতা চালিয়ে হোটেলটির নিরাপত্তা কর্মী ও ফায়ার সার্ভিস প্রায় ১ হাজার ৬৯০ জন দেশি-বিদেশি অতিথি ও কর্মচারীকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হয়।

তবে আগুনের কারণে অনেক পর্যটকের মূল্যবান মালামাল, পাসপোর্ট ও অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়। এছাড়া, আগুনে দগ্ধ তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ধোঁয়াজনিত সমস্যায় আক্রান্ত ছয়জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

ডোমিনিকান রিপাবলিকের ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানায়, রিসোর্টটির ছাদ অতিরিক্ত দাহ্য খড় ও পাম পাতা দিয়ে তৈরি হওয়ায় এবং সাগরের তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন