জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সময় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমানের মাইক্রোওয়েভ ও ওয়াশিং মেশিন চাওয়ার ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। ভোলা-১ আসনের সংসদ সদস্য বিজেপি নেতা আন্দালিব রহমান পার্থ এই বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখতে গিয়ে পার্থ বলেন, একজন সংসদ সদস্যের এ ধরনের দাবি জনগণের প্রতি অবহেলা প্রকাশ করে। তিনি বলেন, “এটা আমাকে অনেক লজ্জা দেয় যে একজন মেম্বার অব পার্লামেন্ট এখানে দাঁড়িয়ে মাইক্রোওয়েভ পেলেন নাকি ওয়াশিং মেশিন পেলেন সেই ব্যাপারে কথা বলবে।”
পার্থ আরও জানান, তিনি মিজানুর রহমানকে নিজের তরফ থেকে একটি মাইক্রোওয়েভ দিতে চান এবং প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবেন যেন ওয়াশিং মেশিনও দেওয়া হয়। তিনি বলেন, “ওনার সংসারটা আমরা গোছাই দিতে পারতাম।”
এ সময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, “আমি মনে করি, এটা সংসদে না বললেও ভালো হতো। কিন্তু এটা বলে এমন কোনো গর্হিত অপরাধও তিনি (মিজানুর রহমান) করেননি।”
গত বুধবার, বাজেট আলোচনার সময় মিজানুর রহমান সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটগুলোর জন্য ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন দেওয়ার দাবি জানান। এছাড়া ফ্ল্যাটগুলোর দরজা-জানালায় পর্দা লাগানোরও দাবি করেন তিনি।