নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশের ভেস্ট পরিহিত অবস্থায় আ: লতিফ (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর এলাকার মেঘনা নদী থেকে তার ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আ: লতিফ বীরগাঁও কান্দাপাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে। এ নিয়ে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় নদী থেকে মোট ৩ জনের মরদেহ উদ্ধার করা হলো। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মজিবুর রহমান জানান, গোপীনাথপুর রফিক মেম্বারের বাড়ির সামনে মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, সংঘর্ষের ঘটনায় এখনও কেউ নিখোঁজ থাকার লিখিত অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেবে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৬ জুন) ভোরে নিলক্ষ্যা ইউনিয়নের দড়িগাঁও এলাকায় সাবেক ইউপি সদস্য জবা মিয়া এবং প্রতিপক্ষ মিস্টার গ্রুপের অনুসারীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে, সংঘর্ষের জেরে মঙ্গলবার সোনাকান্দি পূর্বপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য ওসমান মিয়ার ছেলে অনিক মিয়া (২২) এবং বুধবার (১৭ জুন) বিকালে সদর উপজেলার জিৎরামপুর এলাকা থেকে টেঁটাবিদ্ধ অবস্থায় কাউছার মিয়া (৩৫) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়।