জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, জুলাই মাসে পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশে ও বিদেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠার অপচেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম তার পোস্টে উল্লেখ করেন, ‘দেশের অভ্যন্তরে এবং বিদেশি মদদে তারা জুলাই বিপ্লবের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পরিকল্পিতভাবে হেনস্থা, নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের পথ বেছে নিয়েছে।’ তিনি বলেন, ‘আওয়ামী সন্ত্রাসী রাজনীতির নির্মম, সহিংস ও পাশবিক চরিত্র জাতির সামনে উন্মোচিত হয়েছে।’
তিনি আরও জানান, ‘ফ্যাসিবাদী শক্তির এই বর্বরতায় উল্লাস প্রকাশ করতে দেখা গেছে কিছু কুশীলবকে, যারা আওয়ামী লীগের পক্ষে দীর্ঘদিন ধরে জনমত গঠনে সক্রিয়।’
নাহিদ ইসলাম দাবি করেন, ‘দেশ থেকে লুটপাট করে বিদেশে পাচার করা অর্থ গণমাধ্যমে বিনিয়োগ করা হচ্ছে। ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ আর্থিক সহায়তায় বেশ কয়েকটি গণমাধ্যম তাদের কার্যক্রম শুরু করেছে।’
তিনি বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যম সন্ত্রাসী গোষ্ঠীকে ঘিরে ধারাবাহিকভাবে সংবাদ প্রচার করছে।’ নাহিদ ইসলাম আদালতের নির্দেশনার আলোকে গণমাধ্যমে ফ্যাসিবাদী শক্তির প্রচার নিষিদ্ধ করার দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনের পর জুলাই গণহত্যাসহ অন্যান্য গণহত্যায় অভিযুক্ত নেতাদের মুক্তি দেওয়া হয়েছে এবং বিচারপ্রক্রিয়াকে গুরুত্বহীন করা হয়েছে।’ তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ‘দেশে ও বিদেশে সক্রিয় আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে সর্বাত্মকভাবে প্রতিরোধ করতে হবে।’