স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এ বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।
মঙ্গলবার জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী আরও জানান, বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার সংস্থার নির্বাচন সম্পন্ন হবে।
নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন হবে বলে তিনি উল্লেখ করেন।