স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে না, তবে আগামী বছরের শুরুতে এই নির্বাচন হবে। বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) ইউনিয়ন চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে নির্বাচনে জয়লাভ করতে হবে। তিনি নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে আহ্বান জানান।
আলোচনা সভায় মন্ত্রী চেয়ারম্যান ও মেম্বারদের ভাতার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করার আশ্বাস দেন এবং একটি সম্মানজনক সমাধানের প্রতিশ্রুতি দেন।
এছাড়া, চলতি বছর ৪১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধিদের এই কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। সরকারি ত্রাণ সঠিক ও ন্যায্যভাবে বিতরণের পরামর্শও দেন তিনি।