জাতীয় সংসদে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিষয়ে আপত্তি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। তিনি দাবি করেন, এটি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং শিরকের কাছাকাছি।
মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশন শুরু হওয়ার পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মুজিবুর রহমান বলেন, ‘কার্যপ্রণালি অনুযায়ী, মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করে সংসদে ঢোকার কথা। এরপরে এটা নিয়ে আলোচনা-পর্যালোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শেষ পর্যন্ত একটা সংশোধনীর ভেতরে আছে, সেটা হচ্ছে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার ব্যাপারটা। এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায়। সেজন্য এটাকে বাদ দেওয়া হয়েছে।’
মুজিবুর রহমান বলেন, ‘আমি মাঝে মাঝে খেয়াল করি আপনি (স্পিকার) সুন্দরভাবে সালাম দেন, আমরাও জবাবে সালাম দিই। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় এরকম করে ওই আগের ঝুঁকুনিটা এখনো আছে।’
তিনি স্পিকারের কাছে অনুরোধ করেন যে কার্যপ্রণালিবিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে, সেটি সবার মেনে চলা উচিত।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ বিষয়ে বলেন, ‘আমি রুলস অব প্রসিডিউর দেখলাম এই বিষয়ে। এটা যার যার ব্যক্তিগত বিষয়, কেউ সালাম দেবেন, কেউ ইয়ে করবেন। সারা পৃথিবীতে আছে। তাও আমি দেখব যে বিগত সংসদে এটা বাতিল করা হয়েছে কি না?’