ফরিদপুরের ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত রেললাইন নির্মাণে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন-কোরিয়া সহ বেশ কয়েকটি দেশ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে রেলমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকার ৬৪ জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার জন্য কাজ করছে। বর্তমানে ৫৪টি জেলায় রেল যোগাযোগ রয়েছে।
রেল যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন রেলপথ মন্ত্রণালয়। বৈঠকের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
রেলমন্ত্রী জানান, ভাঙ্গা-পায়রা রেল রুটে চীন ও কোরিয়া সহ কয়েকটি দেশ অর্থায়ন করতে চায়। তবে এই প্রস্তাব গ্রহণের আগে সবকিছু বিবেচনা করা হবে।
এছাড়া, নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে অতিরিক্ত মাটি সরানোর কাজ চলছে। বিতর্কের কারণে ওই স্থানে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।