প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের জন্য যে বাজেট প্রণয়ন করা হয়েছে, সেটিকে যারা গণবিরোধী বলে মন্তব্য করেন, তারা কখনও জনগণের বন্ধু হতে পারেন না। বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, "যে বাজেটের মাধ্যমে আমরা জনগণের ভাগ্য পরিবর্তন করতে চাই, সেই বাজেটকে একদল চানাচুরের সাথে তুলনা করেছে।" তিনি আরও জানান, বাজেটে ৬০টি নিত্যপণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
তিনি বলেন, "যারা প্রশ্ন করছেন ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের টাকা কোথা থেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, জনগণের টাকা আর পাচার হতে দেওয়া হবে না। জনগণের টাকা দিয়েই জনগণের উন্নয়ন করা হবে।"
প্রধানমন্ত্রী জানান, আগামী ১ বছরের মধ্যে চা বাগানের সকল নারী শ্রমিককে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে এবং ৪০ লাখ পরিবারের কাছে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
তিনি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ৫ বছরের মধ্যে উপজেলা পর্যায়ে ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তর করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, "বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করাই সরকারের একমাত্র লক্ষ্য।" তিনি আরও জানান, বিগত সময়ে যারা টাকা পাচার করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।