মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানিয়েছেন, সরকার দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এই অঞ্চলে কাস্টমসের কোনো নিয়মকানুন প্রযোজ্য হবে না এবং এটি ট্যাক্স-ফ্রি থাকবে।
বুধবার (১৭ জুন) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি এই তথ্য জানান। মাতারবাড়ী বন্দরের কাছে এবং চট্টগ্রাম বন্দরের কাছে এই অঞ্চল গড়ে তোলা হবে, যেখানে মোট ৬০০ একর জায়গা ব্যবহার করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, অর্থনৈতিক গতিশীলতা আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) স্থাপনের জন্য স্পেশাল পারপাস কোম্পানি বাংলাদেশের সঙ্গে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট এবং ল্যান্ড লিজ এগ্রিমেন্ট অনুমোদন দেওয়া হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে মুক্ত বাণিজ্য অঞ্চল রয়েছে এবং এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, হরমুজ প্রণালি বন্ধ হওয়ার কারণে দেশের জ্বালানি পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে, যার ফলে স্পট মার্কেট থেকে এলএনজি ও তেল কিনতে হচ্ছে। তবে দেশের জ্বালানি পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে।
এছাড়া, রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলেও তিনি জানান।