রাজধানীর উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় ৮৫ বছর বয়সী ফজলুল করিম নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুল করিম উত্তরার ১০ নম্বর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। নিহত বৃদ্ধের চিকিৎসার দায়িত্ব নেওয়া পথচারী জাহাঙ্গীর জানান, ফজলুল করিম আজমপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়, যার ফলে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। দুপুর সোয়া ১টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।