বাগেরহাটের ফকিরহাটে দুধ-পানি দিয়ে গোসল করে জামায়াতে ইসলামীর এক কর্মী দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, শেখ খালিদ হাসান তারেক (৩০) নামের ওই ব্যক্তি নিজেকে জামায়াতের কর্মী দাবি করেন। তিনি জানান, ২০১১ সাল থেকে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি বিভিন্ন আন্দোলন, মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করেছেন।
তারেক বলেন, "আমি বুড়িরবটতলা কেন্দ্রে জামায়াতের এজেন্ট ছিলাম কিন্তু দলে মূল্যায়ন পাইনি।" তিনি মন্দির পাহারা দেওয়ার বিষয়ে আপত্তি জানানোর পর ইউনিয়ন আমিরের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়, যার ফলস্বরূপ তিনি দল থেকে অবহেলিত হন।
দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে তিনি শুক্রবার জুমার নামাজের আগে বুড়ির বটতলা এলাকায় সড়কের পাশে দুধ-পানি দিয়ে গোসল করেন এবং ভিডিও ধারণ করেন। ভিডিওতে তিনি বলেন, "প্রয়োজনে আওয়ামী লীগ করব, জামায়াত আর করব না।"
তবে জামায়াতের ফকিরহাট উপজেলা শাখার সেক্রেটারি আবুল আল মাসুম দাবি করেন, শেখ খালিদ হাসান তারেক জামায়াতের কোনো কর্মী নন, তিনি শুধু জামায়াতকে ভালোবাসতেন।