শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জামায়াতের ‘ছায়া বাজেট’ বেশি জনবান্ধব: গোলাম পরওয়ার

জামায়াতের মিয়া গোলাম পরওয়ার সরকারের বাজেটকে 'গণবিরোধী' বললেন, দাবি করলেন ছায়া বাজেট বেশি জনবান্ধব।

জামায়াতের ‘ছায়া বাজেট’ বেশি জনবান্ধব: গোলাম পরওয়ার

বিএনপি নেতৃত্বাধীন সরকার ২০২৬-২৭ অর্থবছরের জন্য যে বাজেট উত্থাপন করেছে, তার চেয়ে জামায়াতের ছায়া বাজেট বেশি জনবান্ধব বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শুক্রবার রাজধানীর মগবাজারে দলের কার্যালয়ে বাজেট সম্পর্কে এক ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন হওয়ার পর জামায়াত ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার ‘ছায়া বাজেট’ দেয়। গোলাম পরওয়ার বলেন, সরকারের প্রস্তাবিত বাজেট অন্তঃসারশূন্য ও ফাঁপা বুলি, যা জনগণের মাঝে অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেবে।

তিনি দাবি করেন, এত বড় ঘাটতি বাজেটের চাপ সামলাতে সরকারের পক্ষে রাজস্ব আদায় কঠিন হবে। জামায়াতের ছায়া বাজেট বেশি উন্নয়নমূলক ও জনবান্ধব। সরকারের কাছে বাজেট সংশোধন না করে আগামী ৩০ জুন সংসদে সেটি পাস না করার আহ্বান জানান তিনি।

গোলাম পরওয়ার বলেন, বর্তমান বাজেট দেশের অর্থনীতি ধ্বংস করবে। এবারের বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট। তিনি আরও দাবি করেন, সরকার কৌশলে ইসলামী ব্যাংক ধ্বংস করছে।

তিনি বলেন, এবারের বাজেট ব্যাংক ঋণের ওপর এবং বিদেশি ঋণের ওপর নির্ভরশীল। বাজেটে করের জাল তৈরি করে জনজীবনে দুর্বিষহ অবস্থা সৃষ্টি করা হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, এবারের বাজেটের মাধ্যমে লুটপাট ও দুর্নীতির সুযোগ করে দেওয়া হয়েছে। রাজস্ব আয়ের ক্ষেত্রে বাস্তবসম্মত রূপরেখা দিতে সরকার ব্যর্থ হয়েছে। গার্মেন্টস সেক্টরে কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়ানোর ফলে রপ্তানি আয় হুমকির মুখে পড়বে।

তিনি সতর্ক করে বলেন, ব্যাংকিং খাতে আওয়ামী লীগ যে রাস্তা দেখিয়ে গিয়েছিল, বর্তমান সরকার সেই একই পথে হাঁটছে। এই অবস্থায় যদি বাজেট পাস হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতি মাটির সাথে মিশে যাবে।

গোলাম পরওয়ার সরকারের কাছে আহ্বান জানান, এই গণবিরোধী বাজেট জনগণের ওপর জোর করে চাপিয়ে দেওয়া যাবে না।

বিজ্ঞাপন