আমার বাংলাদেশ (এবি) পার্টি ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে দেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছে। বৃহস্পতিবার (১১ জুন) দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
তারা জানান, দেশের অর্থনীতি বর্তমানে সংকট ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবং বাজেটে এর সমাধানের কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই। বরং, ঘাটতি ও ঋণনির্ভর বাজেট নতুন সংকট সৃষ্টি করবে বলে মনে করেন তারা।
জানানো হয়, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে প্রায় আড়াই লাখ কোটি টাকার ঘাটতি রয়েছে, যা বাস্তবতার চেয়ে কাগুজে উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। নেতৃবৃন্দ বলেন, সরকারের এই বাজেট জনগণকে বিভ্রান্ত করার একটি প্রচেষ্টা।
বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, বৈষম্য হ্রাস এবং দুর্নীতি প্রতিরোধের জন্য কার্যকর কোনো পরিকল্পনা নেই বলে অভিযোগ করেন তারা।
তারা আরও বলেন, কর বাড়ানোর পরিকল্পনা মূল্যস্ফীতিকে উসকে দেবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াবে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবে।
এবি পার্টির নেতৃবৃন্দ বর্তমান বাজেটকে গণবিরোধী হিসেবে অভিহিত করে বলেন, এটি জনগণের আকাঙ্ক্ষা ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা বাজেট পুনর্বিবেচনার আহ্বান জানান, যাতে উৎপাদনমুখী বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয়।