হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বালুবোঝাই ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) সকালে দক্ষিণ বেজুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন সিএনজি চালক আক্কাছ মিয়া (৩৮) এবং যাত্রী মনোয়ারা বেগম (৭০)। আক্কাছ মিয়া উপজেলার বেঙ্গাডোবা এলাকার বাবু মিয়ার ছেলে এবং মনোয়ারা বেগম মৃত কামরুল হাসানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দক্ষিণ বেজুড়া এলাকার একটি সেতুর ওপর যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি অন্য একটি সিএনজিকে ওভারটেক করার চেষ্টা করছিল। এসময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ ঘটে।
সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই সিএনজি চালক আক্কাছ মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় ৩ যাত্রীকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।
আহত তাকলিমা বেগম ও লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।