ফুটবল বিশ্বকাপে সব খেলা সরাসরি সম্প্রচার করবে বিটিভি। রাষ্ট্রীয় টেলিভিশনটি ফিফার কাছ থেকে সম্প্রচার সত্ত্ব কিনেছে ৪৭ কোটি টাকায়, যা ভ্যাট ট্যাক্স বাদে। তথ্য প্রতিমন্ত্রী আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, সরকারি উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে ডিজিটাল স্ক্রিনে বড় পর্দায় খেলা দেখানো হবে। আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ-২০২৬, যা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশে খেলা দেখার বিষয়ে শঙ্কা থাকলেও, সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির ২৫তম সভায় বিটিভির সম্প্রচার স্বত্ব কিনতে সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বিটিভিকে এই টাকা পরিশোধ করতে হবে না। বিজ্ঞাপন থেকে সব খরচ উঠে আসবে। তিনি জানান, টেলিকম কোম্পানি, স্যাটেলাইট টিভি চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে বিজ্ঞাপন এবং রাইটস বিক্রি করে প্রায় সকল টাকা উঠানো সম্ভব হয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানান, সারা দেশে ডিজিটাল স্ক্রিনে খেলা দেখানোর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় স্ক্রিনে খেলা দর্শকদের সামনে উপস্থাপন করা হবে।’
বিটিভি বিভিন্ন প্ল্যাটফর্মে বিশ্বকাপের সব খেলা দেখানোর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।