যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত হয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার পেছনে হামলা, যান্ত্রিক ত্রুটি অথবা অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হেলিকপ্টারটিতে থাকা দুই পাইলট নিরাপদে আছেন এবং কেউ আহত হননি। মঙ্গলবার (৯ জুন) জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার আগে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। ট্রাম্প বলেন, এ ঘটনার বিস্তারিত তদন্ত প্রতিবেদন পরে প্রকাশ করা হবে।
নিউইয়র্ক টাইমসের বরাতে জানা যায়, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হরমুজ প্রণালিতে নৌ-বাণিজ্য রুটে চাপ কমাতে অ্যাপাচি হেলিকপ্টার, যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলমান যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনার মধ্যে এটি প্রথম অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা। সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌচলাচল হুমকির মুখে ফেলেছিল এমন দুটি ইরানি ড্রোন তারা ভূপাতিত করেছে।
ট্রাম্প এক সাক্ষাৎকারে দাবি করেন, যুক্তরাষ্ট্র–ইসরায়েল যৌথ হামলায় ইরানের সামরিক সক্ষমতা 'পুরোপুরি ধ্বংস' হয়ে গেছে এবং দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২১ শতাংশ অবশিষ্ট রয়েছে।
এদিকে, সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র কিছু ক্ষতির মুখোমুখি হয়েছে। সেন্টকম জানিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে 'অপারেশন এপিক ফিউরি' চলাকালে ১৩ জন মার্কিন সেনা নিহত হন এবং আরও ৩৯৯ জন আহত হয়েছেন। মার্চ মাসে একটি 'এফ-১৫' যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা এবং আরও কয়েকটি বিমান দুর্ঘটনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যদিও এসব ঘটনার বেশিরভাগে পাইলটদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।