ইরানের রাজধানী তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু হয়েছে। ইতোমধ্যে সৌদি আরব থেকে হাজিদের বহনকারী কয়েকটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইমাম খোমেনি বিমানবন্দর কোম্পানির বিমান পরিচালনা বিভাগের উপপ্রধান জানিয়েছেন, বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে এবং হাজিদের বহনকারী উড়োজাহাজও অবতরণ করছে।
গত রোববার ইরান–ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর তেহরানের এই আন্তর্জাতিক বিমানবন্দরে সব আগত ফ্লাইটের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে বর্তমানে হামলা আপাতত স্থগিত করেছে উভয় পক্ষই।
এটি সাম্প্রতিক সময়ে বিমানবন্দরটি দ্বিতীয়বারের মতো বন্ধ হওয়ার ঘটনা। ইরানের রাজধানীকে সেবা দেওয়া দুটি প্রধান বিমানবন্দরের একটি হলো ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর চলতি বছরের এপ্রিল মাসে এটি পুনরায় চালু করা হয়েছিল।