আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কিডনি রোগীদের জন্য সুখবর আসছে। একই সঙ্গে শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্যও থাকবে বিশেষ ঘোষণা।
সরকার ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ কিস্তিতে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ার মতো জটিল রোগে আক্রান্ত অসহায় মানুষের চিকিৎসা সহায়তার জন্য ৪৯ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে।
আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে কর ছাড়ের অংশ হিসেবে কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ অগ্রিম কর সম্পূর্ণ মওকুফ হতে পারে, যা রোগীদের খরচ প্রায় ৬০০ টাকা কমাতে সহায়ক হবে।
এছাড়া, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আমদানি করা ১৫টি পণ্যের অগ্রিম আয়করের হার ২ শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হতে পারে।
অন্যদিকে, স্বাস্থ্য, প্রতিবন্ধী সেবা, ক্যানসার, অটিজম, ডায়াবেটিস, থ্যালাসেমিয়া ও সামাজিক কল্যাণে নিয়োজিত ১১টি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের তালিকা অনুমোদনের প্রস্তাবও আসন্ন বাজেটে থাকতে পারে।