শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নারায়ণগঞ্জের গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শন মির্জা ফখরুলের

মির্জা ফখরুল নারায়ণগঞ্জের গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করেছেন।

নারায়ণগঞ্জের গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শন মির্জা ফখরুলের

রাজধানীর ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণ এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের লক্ষ্যে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৮ জুন) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় প্রকল্পের বিভিন্ন স্থাপনা, পানি ট্রান্সমিশন লাইন এবং শোধনাগার ঘুরে দেখেন তিনি।

পরিদর্শন শেষে মির্জা ফখরুল বলেন, প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির ৯৭ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাওয়ায় বিকল্প উৎস হিসেবে নদীর পানি শোধন করে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকার মানুষের নিরাপদ পানির চাহিদা পূরণ এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পের অধিকাংশ কাজ শেষ হয়েছে। আশা করছি আগামী এক বছরের মধ্যে এর পূর্ণাঙ্গ পানি সরবরাহ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, গন্ধর্বপুর পানি শোধনাগারের প্রথম ধাপে দৈনিক ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপ বাস্তবায়নের পর আরও ৫০ কোটি লিটার পানি যুক্ত হবে। ফলে দুই ধাপ মিলিয়ে প্রতিদিন ১০০ কোটি লিটার পানি সরবরাহের সক্ষমতা অর্জন করবে প্রকল্পটি।

সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের লাখো মানুষ নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সুবিধা পাবে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া মেঘনা নদীর পানি শোধন করে রাজধানীতে সরবরাহের এই বৃহৎ উদ্যোগকে দেশের পানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন