চীনা গোয়েন্দারা অনলাইন চাকরির প্ল্যাটফর্ম ব্যবহার করে সংবেদনশীল তথ্যের অ্যাক্সেস রয়েছে এমন ব্যক্তিদের নিয়োগের চেষ্টা করছে বলে সতর্কতা জারি করেছে ফাইভ আইজ নিরাপত্তা জোট। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ অন্যান্য সদস্য দেশ বুধবার (৩ জুন) 'সেফগার্ডিং আওয়ার সিক্রেটস' নামে একটি বুলেটিন প্রকাশ করে।
বুলেটিনে বলা হয়েছে, চীনের সামরিক গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন পেশাগত নেটওয়ার্কিং সাইট ও অনলাইন রিক্রুটমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকার, সামরিক বাহিনী এবং গোপন তথ্যের অ্যাক্সেস রয়েছে এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে।
সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চীনা গোয়েন্দাদের উদ্দেশ্য হলো সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গোপন তথ্য সংগ্রহ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে কৌশলগত সুবিধা অর্জন করা।
ফাইভ আইজের নিরাপত্তা সংস্থাগুলো এই কৌশলকে 'বিস্তৃত ও আক্রমণাত্মক অনলাইন নিয়োগ কৌশল' হিসেবে চিহ্নিত করেছে। তারা দাবি করেছে, সফলভাবে নিয়োগপ্রাপ্তদের গোপন তথ্য সরবরাহের জন্য চাপ দেওয়া হয়, যাদের চীনা সরকারের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুলেটিনে আরও জানানো হয়, এসব তথ্যের বিনিময়ে কয়েকশ' থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত অর্থ প্রদান করা হয়, এবং সংবেদনশীল তথ্যের জন্য আরও বেশি অর্থের প্রস্তাব করা হয়।
চীন বরাবরই এ ধরনের গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করে আসছে এবং এসবকে 'ভিত্তিহীন ও অপপ্রচার' বলে দাবি করছে।