ক্ষমতা গ্রহণের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে স্লোভেনিয়ার নতুন প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানসা সরকারি ভবন থেকে ফিলিস্তিনি পতাকা সরানোর নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপের মাধ্যমে দেশটির পররাষ্ট্রনীতিতে ইসরায়েলপন্থী অবস্থানের স্পষ্ট ইঙ্গিত মিলেছে।
শুক্রবার (৫ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা একটি প্রতিবেদনে জানায়, রাজধানী লুবলিয়ানার প্রধান সরকারি ভবনে গত দুই বছর ধরে ফিলিস্তিনি পতাকা উড়ছিল। পূর্ববর্তী প্রধানমন্ত্রী রবার্ট গোলবের সরকার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং গণহত্যামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলেছিল।
গোলব সরকারের আমলে স্লোভেনিয়া ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য নিষিদ্ধ করেছিল এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। সেই সময় দুই ইসরায়েলি মন্ত্রীকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হয়েছিল।
তবে নতুন প্রধানমন্ত্রী ইয়ানসা, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত, পূর্ববর্তী সরকারের কিছু সিদ্ধান্ত বাতিল করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ফিলিস্তিনকে দেওয়া স্বীকৃতি প্রত্যাহারের বিষয়টিও রয়েছে।
স্লোভেনিয়ার এই নীতিগত পরিবর্তনকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জানিয়েছেন, লুবলিয়ানায় প্রথমবারের মতো দ্রুত দূতাবাস খুলবে ইসরায়েল।