মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্টগুলো বিশ্ববাজারের হিসাব-নিকাশে ব্যাপক পরিবর্তন আনছে। হোয়াইট হাউসের আনুষ্ঠানিক ব্রিফিংয়ের পরিবর্তে তিনি সামাজিক মাধ্যমের মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করছেন।
ট্রাম্পের পোস্টগুলোতে কখনো ইরানকে হুমকি, কখনো যুদ্ধবিরতির ঘোষণা এবং কখনো কূটনৈতিক সমঝোতার ইঙ্গিত উঠে আসছে। এই পোস্টগুলো এখন রাজনৈতিক বক্তব্যের বাইরেও আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব ফেলছে।
সাম্প্রতিক সময়ে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ধারাবাহিক বার্তাগুলো সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সময় তিনি সামাজিক মাধ্যমে অত্যন্ত সক্রিয় ছিলেন। মার্চে প্রকাশিত দ্য ইনডিপেনডেন্টের বিশ্লেষণে দেখা যায়, যুদ্ধ শুরুর ৯ দিনের মধ্যে ২০০টির বেশি পোস্ট করেন তিনি, যার মধ্যে প্রায় ২০ শতাংশ ছিল ইরান যুদ্ধের বিষয়বস্তু।
বিশ্লেষকরা উল্লেখ করেছেন, ট্রাম্পের পোস্টের সংখ্যা ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে। সামরিক পদক্ষেপ, কূটনৈতিক অগ্রগতি বা নতুন সংকেত আসলে তিনি ট্রুথ সোশ্যালে সরব হয়ে ওঠেন।
বিবিসির একটি বিশ্লেষণে জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ট্রাম্প ট্রুথে ২ হাজার ৪৫৭টি পোস্ট করেছেন, যা গড়ে প্রতিদিন প্রায় ২০টি পোস্ট। বিশেষজ্ঞদের মতে, এসব পোস্ট কেবল পররাষ্ট্রনীতির বার্তা নয়, বরং সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং রাজনৈতিক অবস্থান শক্ত করার কৌশলও বটে।