বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সেলিনা হায়াৎ আইভীর মুক্তি: সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সেলিনা হায়াৎ আইভীর মুক্তি: সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি রাত সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের দেওভোগে নিজ বাড়িতে প্রবেশ করেন।

আইভীর মুক্তির সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল। মুক্তির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আমি বিচার বিভাগের প্রতি অসম্ভব কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং বর্তমান সরকারের প্রতি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চাই সকলকে নিয়ে ভালো একটা সরকার গঠিত হোক।’

আইভী আরও বলেন, ‘জেলে আমার মতো অনেক মায়েরা আছেন, তারা নিরপরাধ, আশা করছি সরকার তাদের প্রতি সদয় হবেন।’ ১২টি মামলায় উচ্চ আদালতের দেওয়া জামিনের পর যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয় বলে জানান অতিরিক্ত পুলিশ তারেক আল মেহেদী।

সেলিনা হায়াৎ আইভী ২০২৫ সালের মে মাসে গ্রেপ্তার হওয়ার পর থেকে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় কারাবন্দি ছিলেন। ধাপে ধাপে তিনি বিভিন্ন মামলায় জামিন লাভ করেন এবং সর্বশেষ আইনি জটিলতা কাটিয়ে মুক্তি পান।

বিজ্ঞাপন