বাংলাদেশের ২৬ বছর বয়সী ডানহাতি পেসার হাসান মাহমুদ সোমবার দুটি সুখবর পেয়েছেন। লঙ্কান প্রিমিয়ার লিগের ড্রাফট থেকে দল পাওয়ার পাশাপাশি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ডাক পেয়েছেন তিনি।
হাসান মাহমুদ সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে অংশগ্রহণ করবেন। দেশীয় ইংরেজি সংবাদপত্র ডেইলি সান এ তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি চোটের কারণে মাঠের বাইরে ছিলেন হাসান। পুনর্বাসন প্রক্রিয়া শেষে ডিপিএলের পরের রাউন্ডে মাঠে ফিরবেন তিনি।
ডেইলি সানকে হাসান মাহমুদ বলেন, “এটা একটা রেকর্ড হতে পারে। একই দিনে এলপিএলে ফ্র্যাঞ্চাইজি দলে ডাক পাওয়া এবং কাউন্টি ক্রিকেটে ডাক পাওয়া হাসি। এটা একটা ব্লেসিং।”
তিনি আরও বলেন, “যখন ইংল্যান্ডে ছিলাম, আমি ক্লাবের সাথে ট্রেনিং করেছি। কোচ এবং ম্যানেজমেন্ট আমার বোলিং বেশ পছন্দ করেছেন। আমি স্পোর্টস ভিসার জন্য অপেক্ষা করছিলাম। এটি পেয়ে গেছি।”
হাসান মাহমুদ জানান, তিনি বিসিবির সাথে যোগাযোগ করবেন এনওসি নিয়ে এবং এই বছর কাউন্টি ক্রিকেটে কয়েকটি ম্যাচ খেলতে চান। তিনি কাউন্টিতে কেন্টের হয়ে খেলবেন। এর আগে মোস্তাফিজ সাসেক্সে এবং সাকিব উরচেস্টারশায়ার ও সারের হয়ে খেলেছেন। এলপিএলে হাসানকে দলে নিয়েছে কলম্বো ক্যাপস।