আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শিরোপা ধরে রাখার। কানসাস সিটিতে প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেসসহ অন্যান্য খেলোয়াড়রা। সেখানে একটি অনুশীলন সেশনে লিওনেল স্কালোনি স্পষ্ট বার্তা দিয়েছেন, যে বার্তা না মানলে খেলোয়াড়দের বিশ্বকাপ দলে বাদ পড়ার আশঙ্কা রয়েছে।
ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদনে জানা যায়, স্কালোনি জানিয়েছেন, ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে খেলোয়াড়দের স্থান এখনো নিশ্চিত নয়। যেসব খেলোয়াড় চোট বা শারীরিক সমস্যায় ভুগছেন, তাদের নিবিড় পর্যবেক্ষণ করা হবে। যদি কেউ পুরোপুরি ফিট না হন, তাহলে স্কোয়াড থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।
স্কালোনির বার্তা হলো, বিশ্বকাপ ধরে রাখার মিশনে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি জানান, অনুশীলনে যারা নিজেদের প্রমাণ করতে পারবেন, শুধু তাদেরকেই একাদশে সুযোগ দেওয়া হবে। অভিজ্ঞতার ভিত্তিতে কাউকে দলে রাখা হবে না।
এদিকে, আর্জেন্টিনা অধিনায়ক মেসি পেশির ক্লান্তির কারণে কিছুদিন আগে মাঠ ছাড়লেও তিনি বর্তমানে পুনর্বাসনে আছেন। আগামী ৬ জুন হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসিকে বিশ্রামে রাখা হতে পারে। তবে পরবর্তী প্রীতি ম্যাচে মেসির খেলার সম্ভাবনা রয়েছে।
ফিটনেস সমস্যা নিয়ে উদ্বেগ রয়েছে এমিলিয়ানো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, গনসালো মন্তিয়েল, নিকো পাস, লেয়ান্দ্রো পারেদেস ও নিকো গনসালেসের। এই খেলোয়াড়দের জন্য স্কালোনি অতিরিক্ত সাত ফুটবলারকে অনুশীলনে ডেকেছেন।
সাত ফুটবলার হলেন: সান্তিয়াগো বেলত্রান, আগুস্তিন গিয়াই, নিকোলাস কাপালদো, তমাস আরানদা, ইগনাসিও ওভালদো, জোয়াকিন ফ্রেতিয়াস, সিমোন এস্কোবার।
ফিফার নিয়ম অনুযায়ী, গুরুতর চোট বা জটিলতায় পড়লে বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগ পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনা যায়। আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে।
সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, স্কালোনি ৯ জুন নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের পর বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন।