ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ ছবির প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এই মানববন্ধনটি আজ সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অনুষ্ঠিত হবে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এই মানববন্ধনে উপস্থিত থাকার কথা জানিয়েছেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
রুমিন ফারহানা লিখেছেন, “‘বনলতা এক্সপ্রেস’ মুভি প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আজ ব্রাহ্মণবাড়িয়াতে একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি হবে। আমি উপস্থিত থাকবো।”
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে গত শনিবার ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে এক পর্যায়ে প্রদর্শনী স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ায় চলচ্চিত্রটির প্রদর্শনীর ঘোষণা দেওয়ার পর কওমি ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিনেমাটি প্রদর্শন না করার বিষয়ে বিভিন্ন পোস্ট করেন, যার ফলে উদ্বেগ দেখা দেয় এবং প্রদর্শনী স্থগিত করা হয়।