সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিরোধী দলের সমালোচনা করে বিজেপি সভাপতির বক্তব্য

বিজেপি সভাপতি আন্দালিব রহমান পার্থ বিরোধী দলের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন সংসদ অধিবেশনে।

বিরোধী দলের সমালোচনা করে বিজেপি সভাপতির বক্তব্য

বিরোধী দলের সমালোচনা করে বিজেপি সভাপতি ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, সরকারি দলকে জুলাইয়ের বিপরীতে দাঁড় করানোর পাঁয়তারা চলছে। আজ রোববার সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

পার্থ বলেন, ‘একটা আইন ছিল—অতিথি পাখি মারলে ১০ বছরের কারাদণ্ড। এখন এক বাড়ির মুরগি অন্য বাড়িতে চলে গেছে। তারা সেটা জবাই করে খেয়ে ফেলেছে। এখন এই লোক মামলা করেছে, এর জন্য ১০ বছর জেল হতে হবে; কারণ মুরগি একটি পাখি আর অন্যের বাড়ি অতিথি। কেউ যদি আইন না বোঝে, বারবার বোঝানোর কিছু নেই। এমনভাবে বলা হচ্ছে যে আমরা জুলাই চাই না। ওনারাই জুলাইয়ের টেন্ডার নিয়েছেন। এটা খুবই আনফেয়ার।’

তিনি আরও বলেন, ‘সংস্কার ও সংশোধন আসলে কী? আমরা তো চাচ্ছি জুলাই সনদে যে বিষয়গুলো আসছে, সেগুলো সংবিধানে আসবে; এবং রীতিনীতি মেনেই আসবে। আমার কাছে মনে হচ্ছে এখানে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। আমাদের জুলাইয়ের বিরুদ্ধে দাঁড় করানোর পাঁয়তারা করা হচ্ছে।’

আন্দালিব রহমান বলেন, ‘মাননীয় স্পিকার, আপনি যখন ছিলেন না এখানে, সংসদ যখন বিরতিতে ছিল, আমাদের বিরোধী দলের কিছু তরুণ সদস্য গ্যালারিতে থাকাদের সঙ্গে তর্কে লিপ্ত হন।’

তাঁর এই বক্তব্যের সময় বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন। পার্থ বলেন, ‘মাননীয় স্পিকার, আপনি দেখতে পারবেন। এগুলোর রেকর্ড আছে। আমি খারাপ বলছি না। আমি বলছি, আমাদের জুলাই যোদ্ধাদের সাথে ডিল করার জন্য আরও ধৈর্যের পরিচয় দিতে হবে। ওনারা আহত, নিহত। ওনাদের ব্যাপারে আমাদের সহ্যক্ষমতা বাড়াতে হবে।’

এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের বক্তব্যের জবাব দিয়ে তিনি বলেন, ‘কোয়াজাই কনস্টিটিউশন ছিল বলেই তো আমরা কিছু কিছু অংশ নিয়েছিলাম। কারণ এই সংবিধান তো বলেনি, প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কী করা যাবে। সংবিধানে অনেক ফাঁক (গ্যাপ) ছিল।’

পার্থ আরও বলেন, ‘আমি মনে করি আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যার পরে কেউ যদি বোঝে, তাহলে এই অর্ডার নিয়ে তারা আর কোনো কথা বলবে না। বারবার জনগণকে বলা হচ্ছে আমরা গণভোট মানি না। এটা অসত্য। আমরা গণভোট মানি, জনগণের ক্ষমতায়ন বিশ্বাস করি। আর এ কারণেই “হ্যাঁ” ভোট দিয়েছি।’

সবশেষে তিনি বলেন, ‘আমি সব সময় বলি, যে সংবিধান জনগণের কথা বলে না, সেটা জনগণ ছুড়ে ফেলে দেবে। আমরা যেটা সংশোধন করতে পারি, সেটা করব। আমরা সবাইকে নিয়েই চলতে চাই। গণতন্ত্রকে মাথার ওপরে নিয়েই চলতে চাই।’

বিজ্ঞাপন