ইরানের হামলায় নিহতের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর নতুন ভিডিওবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভিডিওবার্তায় তিনি ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত চালিয়ে নিতে বিশেষ বাজেট ঘোষণা করেন।
নেতানিয়াহুর সাথে ভিডিওবার্তায় অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচকেও দেখা যায়। এসময় নেতানিয়াহু বলেন, “এতে কোনো সন্দেহ নেই যে ইসরায়েলকে যুদ্ধ শুরু করতেই হতো। তবে এই যুদ্ধের জন্য প্রচুর অর্থ প্রয়োজন।”
নেতানিয়াহু জানান, এই বিপুল ব্যয় সামলাতে প্রতিরক্ষা খাতের জন্য কয়েক বিলিয়ন শেকেল বরাদ্দের বিশেষ বাজেট দরকার।
জানা গেছে, যুদ্ধকালীন বিশেষ বাজেট অনুমোদনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল সরকার। প্রস্তাবিত বাজেট হতে পারে প্রায় ১৩০০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬০ হাজার কোটি টাকা।
এর আগে ইরানের তাসনিম নিউজ এজেন্সি গতকাল দাবি করেছিল, ইসরায়েলি প্রধানমন্ত্রী সম্ভবত নিহত বা গুরুতর আহত হয়েছেন।