দারিদ্রমুক্ত ও স্বনির্ভর জাতি গঠনের লক্ষ্যে সিলেট মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর মিরাবাজার এলাকায় হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, যাকাতভিত্তিক অর্থব্যবস্থা চালু করা গেলে সমাজ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব। জামায়াতে ইসলামী এমন একটি সমাজ বিনির্মাণে কাজ করছে, যেখানে প্রতিটি মানুষ ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে জীবন যাপন করতে পারবে।
তিনি আরও বলেন, আজকের এই ছাগল বিতরণের মাধ্যমে কয়েকটি পরিবারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এতে তারা হালাল উপার্জনের মাধ্যমে পরিবার পরিচালনা করতে পারবেন এবং স্বনির্ভর হওয়ার পথে এগিয়ে যাবেন। দারিদ্র্য দূরীকরণে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
তিনি বলেন, সমাজের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠী আমাদেরই আপনজন। তাদের অধিকার আদায় করা সামর্থবানদের দায়িত্ব। ইসলাম কখনোই চায় না গরিব আজীবন গরিবই থেকে যাক। বরং কর্মসংস্থান ও আত্মনির্ভরতার মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তনের সুযোগ করে দেওয়াই ইসলামের শিক্ষা।
বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ। মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সদর উপজেলা আমীর নাজির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।