গোপালগঞ্জে ভাংচুর চালিয়ে ভারতে পালানোর পর সাতক্ষীরা সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় বিজিবি কর্তৃক আটক করা হয়েছে এক যুবককে। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে কলারোয়া উপজেলার হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৪ এস সংলগ্ন এলাকায় তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম প্রান্ত তালুকদার (২০), তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে। সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল কাজী আশিকুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবকটি জানায় যে, গত ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন স্থানে ভাঙচুর চালিয়েছে।
তিনি আরও জানান, যুবকটি ২৬ নভেম্বর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে এবং হাকিমপুর এলাকার একটি গ্রামে অবস্থান করে। পরে তিনি অবৈধভাবে বাংলাদেশে ফিরছিলেন। আটক যুবককে জিজ্ঞাসাবাদ শেষে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য।
বিজিবি জানিয়েছে, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে সীমান্তে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির কার্যকর নজরদারি অব্যাহত রয়েছে।