সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান ও তুরস্ক। একই সঙ্গে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে তিন দেশ। শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তিন দেশের উচ্চপর্যায়ের বৈঠকে এ অবস্থান জানানো হয়।
মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতাভুক্ত দেশগুলোর কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠকে অংশ নেন তিন দেশের জ্যেষ্ঠ সরকারি ও প্রতিরক্ষা কর্মকর্তারা। প্রায় আড়াই ঘণ্টার বৈঠক শেষে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অংশগ্রহণকারী কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের ইসহাক দার বলেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তিত প্রেক্ষাপট পর্যালোচনা করেছে তিন দেশ। তারা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
তিনি বলেন, সৌদি আরবে বেসামরিক মানুষ ও অবকাঠামো লক্ষ্য করে হুতি মিলিশিয়াদের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে তিন পক্ষ। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির সম্মিলিত প্রতিরক্ষাব্যবস্থা অনুযায়ী, সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারও করেছে তারা।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৩ সেপ্টেম্বরের পর থেকে হুতিদের সন্দেহভাজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৩ জনই বিমানবন্দরে হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন।
বৈঠকে হামলা মোকাবিলায় কী ধরনের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে, আগের সভাগুলোতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, সৌদি আরবের প্রতিরক্ষায় সহায়তা করাই আঙ্কারার বর্তমান নীতির লক্ষ্য। তিনি বলেন, ইয়েমেনের ভেতরে সেনা মোতায়েনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় গঠিত কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটিতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা রয়েছেন।