শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ৩০ নভেম্বর শুরু

কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন ফরম ৩০ নভেম্বর থেকে বিক্রি শুরু হবে।

কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ৩০ নভেম্বর শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৩ (১৬৪) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হতে আগ্রহীদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহের সময়সূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৩০ নভেম্বর সোমবার, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

শনিবার (২৮ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত একটি সংশোধনী প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মনোনয়ন প্রত্যাশীদের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে নির্ধারিত সময়ে ফরম উত্তোলন করতে হবে।

এছাড়া, আগামী ২ ডিসেম্বর বুধবার, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই স্থানে মনোনয়ন ফরম জমা নেওয়া হবে। নির্বাচন কমিশন বুধবার (২৫ নভেম্বর) কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করে, যা আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এর আগে, ৮৬ বছর বয়সী ওসমান ফারুক শারীরিক অসুস্থতার কারণে জাতীয় সংসদ থেকে পদত্যাগের জন্য ই-মেইলে আবেদন করেন। ১৫ নভেম্বর তার আবেদন পাওয়ার পর ১৭ নভেম্বর বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদে পদত্যাগের বিষয়টি জানিয়ে আসনটি শূন্য ঘোষণা করেন।

বিজ্ঞাপন