স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে একটি নৌকা থেকে ১৪ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে প্রায় ১০০ জন আরোহী ছিল বলে জানা গেছে।
শুক্রবার (২৮ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ জানায়, ঘটনায় ৮৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় আকাশপথে হাসপাতালে পাঠানো হয়েছে।
নৌকাটি এল হিয়েরো দ্বীপের দক্ষিণে পাওয়া যায় এবং পরে এটি লা এস্তাকা বন্দরে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকৃতদের সেখানকার অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রে রাখা হয়েছে।
এই মৃত্যুর ঘটনা বিশ্বের অন্যতম প্রাণঘাতী অভিবাসন রুটের ঝুঁকিগুলোকে আবার সামনে নিয়ে এসেছে।
এদিকে, স্পেনে রোববার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে অভিবাসন ইস্যু নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। অক্টোবর থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসনপ্রত্যাশীদের আগমন উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২৫ নভেম্বর একদিনে রেকর্ড ২ হাজার ১শ' আশ্রয়প্রার্থী সেখানে পৌঁছান।