বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত, আহত হয়েছেন বেশ কয়েকজন।

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সেলিম নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে চরডুমুরিয়া ও সামারচর এলাকায় রহিম মোল্লা গ্রুপ ও আওলাদ মোল্লা গ্রুপের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে আওলাদ মোল্লা ও রহিম মোল্লার মধ্যে।

দুই নেতা আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন, যা তাদের মধ্যে বিরোধকে আরও তীব্র করে তুলেছে। সংঘর্ষের সময় গোলাগুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেলিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ঘটনায় যোগাযোগের চেষ্টা করেও আওলাদ মোল্লা ও রহিম মোল্লার বক্তব্য পাওয়া যায়নি। গত সপ্তাহেও এই দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

বিজ্ঞাপন