বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা

কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনের ভোট ১০ জানুয়ারি।

কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা

আগামী ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

রিটার্নিং অফিসার ৭ ডিসেম্বর মনোনয়ন বাছাই করবেন। মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল করার সময়সীমা ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

ইসি সচিব জানান, এই উপ-নির্বাচনে প্রবাসী ও দেশের অভ্যন্তরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পোস্টাল ভোটিং ব্যবস্থা থাকবে। রিটার্নিং অফিসার হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, সরকারি দলের সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করায় কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়। গত ১৭ নভেম্বর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকার বরাবর পাঠান।

স্পিকার বলেন, ‘পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র পাওয়ার তারিখ থেকে সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়।’

বিজ্ঞাপন