আগামী বছরের প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। ৪০৩ আসনের এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ২০২টি আসন। সমাজবাদী পার্টির (এসপি) সঙ্গে রাজনৈতিক জোটে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস।
নির্বাচন উপলক্ষে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি কংগ্রেসের এমপি ও উত্তরপ্রদেশের কার্যনির্বাহী সভাপতি ইমরান মাসুদ এসপির 'আন্তরিকতা' নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, 'এসপি একদিকে কংগ্রেসের সঙ্গে আলোচনা করছে এবং অন্যদিকে নির্বাচনী ঘোষণা দিচ্ছে। এতেই বোঝা যায় যে বিষয়টিকে গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে না।'
নয়াদিল্লিতে আলোচনা চলাকালীন এসপি কংগ্রেসকে ৪০৩ আসনের মধ্যে ২৬টি আসনের প্রাথমিক প্রস্তাব দেয়। মাসুদ এ বিষয়ে বলেন, 'যদি বলা হয় যে, শুরুর আসন সংখ্যা ২৬, তা অনাকাঙ্ক্ষিত। আমরা আপনার কাছে ২৬টি আসন চাইনি। আমরা ভিক্ষুক নই।'
তিনি নাম উল্লেখ না করে এসপি প্রধানকে কটাক্ষ করেন। এবিপি নিউজের এক সম্মেলনে তিনি বলেন, 'একদিকে সোশ্যাল মিডিয়ায় জোটধর্ম নিয়ে লম্বা নোট লেখা হচ্ছে, আর অন্যদিকে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করা হচ্ছে।'
জোট নেতা অখিলেশ যাদব সম্প্রতি এক্স-এ পোস্ট করেন যে, আসন্ন নির্বাচন জোটের জন্য বিজেপিকে পরাজিত করার একটি 'ঐতিহাসিক সুযোগ'। কংগ্রেসের চাওয়া ১৮১টি আসনের সম্ভাব্য তালিকায় বেহাত ও সাহারানপুরের আসনগুলোও অন্তর্ভুক্ত ছিল।
মাসুদ বলেন, 'আমি বুঝতে পারছি না আপনারা আমার বিরুদ্ধে লড়তে চান, নাকি কংগ্রেসের বিরুদ্ধে, নাকি বিজেপির বিরুদ্ধে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে।' এদিকে এসপি নেতা শিবপাল যাদব জোটের মিত্রদের মধ্যে মতবিরোধের জল্পনা নাকচ করে বলেন, 'জোটে কোনো ফাটল ধরেনি, জোট অটুট থাকবে।'
মঙ্গলবার সন্ধ্যায় এসপি আগামী বছরের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য তাদের প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করে। এই তালিকায় চারজন বর্তমান বিধায়কের পুনরায় মনোনয়ন দেওয়া হয়েছে এবং বিজেপির দখলে থাকা একটি আসনে দলের সাবেক জেলা সভাপতিকে প্রার্থী করা হয়েছে।