বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

ই-ভ্যাট সিস্টেমে প্রযুক্তি বিপর্যয়ে ব্যবসায়ীদের ভোগান্তি

ই-ভ্যাট সিস্টেমে প্রযুক্তিগত বিপর্যয়ের কারণে ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন।

ই-ভ্যাট সিস্টেমে প্রযুক্তি বিপর্যয়ে ব্যবসায়ীদের ভোগান্তি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক চালু করা ই-ভ্যাট সিস্টেমে প্রযুক্তিগত বিপর্যয়ের কারণে ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন। ২০২৫ সালের ২৩ ডিসেম্বর চালু হওয়া এই সিস্টেমে গত এক বছরে পাঁচ দফা সার্ভার ডাউন হওয়ার ঘটনা ঘটেছে।

সার্ভিস বন্ধের কারণে রিটার্ন জমার সময় বাড়াতে বাধ্য হয়েছে এনবিআর। খাত সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল ব্যবস্থাপনার নামে ব্যয়ের আড়ালে অনিয়মের সুযোগ তৈরি হয়েছে এবং এনবিআরের পরিকল্পনা ও তদারকিতে গাফিলতি রয়েছে।

প্রযুক্তির বিপর্যয়ের ফলে ২৯ মার্চ, ৯ এপ্রিল, ২৭ এপ্রিল, ২৮ জুন এবং ১৬ নভেম্বর সার্ভিস বন্ধ হয়ে যায়। এর মধ্যে ২৯ মার্চ ও ৯ এপ্রিল সার্ভিস ৩৮ ঘণ্টা বন্ধ ছিল। ১৫ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ দিনে অতিরিক্ত ব্যবহারকারীর চাপের কারণে সার্ভারে জটিলতা তৈরি হয়, যা ব্যবহারকারীদের জন্য সমস্যা সৃষ্টি করে।

এক ভুক্তভোগী বলেন, “এটার জন্য আমরা মানসিক চাপের মধ্যে থাকি।” অন্য একজন বলেন, “মাঝেমধ্যে সার্ভার থাকে না, লগইন হয় না। ১৫ তারিখ তো ঢোকাই যায় না।”

বিশ্লেষকরা বলছেন, ডিজিটাল ব্যবস্থার নামে বিপুল ব্যয়ের পরেও করদাতারা সুফল পাচ্ছেন না। ভ্যাট কনসালটেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুল ইসলাম টিপু বলেন, “৬০০ কোটি টাকা ব্যয় করে আমরা ৫ থেকে ৬ লাখ লোকের রিটার্ন নিতে পারি না।”

আয়কর ও ভ্যাট কনসালট্যান্ট সিদ্দিকা আয়েশা বলেন, “ভ্যাট প্রদানকারী এবং আমাদের কনসালটেন্ট হিসেবে নিয়োগ করা ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।” অর্থনীতিবিদরা মনে করেন, এ ধরনের প্রযুক্তিগত জটিলতা সরকারের রাজস্ব আদায়ের কার্যক্রমেও অনিশ্চয়তা তৈরি করছে। সিপিডির গবেষণা প্রধান তৌফিকুল ইসলাম খান বলেন, “সরকারকে এ বিষয়টি খুব ভালোভাবে দেখা দরকার।”

এনবিআর দেশের প্রায় ৮ লাখ নিবন্ধিত প্রতিষ্ঠানের ভ্যাট আদায়ে কঠোর হলেও, ডিজিটাল ব্যবস্থার দুর্বলতার কারণে তা সম্পূর্ণরূপে সম্ভব হচ্ছে না বলেও বিশ্লেষকরা মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন