ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল রাজনীতির অঙ্গনে প্রবেশ করেছেন। তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় ওবিসি মোর্চার নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) বিজেপি সভাপতি নিতিন নবীন নতুন কর্মকর্তা, জাতীয় নির্বাহী সদস্য ও বিভাগীয় প্রধানদের তালিকা ঘোষণা করেন, যেখানে চাহালের নাম অন্তর্ভুক্ত করা হয়।
৩৬ বছর বয়সী লেগ-স্পিনার চাহাল এক্স-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি নিতিন নবীনকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, বিজেপি পরিবারে তাকে স্থান দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞ।
হরিয়ানার জিন্দ জেলায় জন্ম নেওয়া চাহাল সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অন্যতম সফল স্পিনার। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তিনি ৭২টি ওয়ানডেতে ১২১ উইকেট এবং ৮০টি টি-টোয়েন্টি ম্যাচে ৯৬ উইকেট নেন।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। ২০২২ সালে রাজস্থানের হয়ে ২৭ উইকেট নিয়ে ‘পার্পল ক্যাপ’ জেতেন। ২০২৩ সালে আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি হন এবং ২০২৪ সালে ২০০ উইকেট পূর্ণ করেন।
গত অক্টোবরে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও চাহাল সীমিত ওভারের ক্রিকেটে ভারতের হয়ে খেলা চালিয়ে যেতে চান।