প্রশান্ত মহাসাগরের উত্তাল জলরাশিতে প্রায় ৯ ঘণ্টা ভেসে থাকার পর একটি প্রমোদতরির পিয়ানোবাদককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) ক্যালিফোর্নিয়া উপকূল থেকে প্রায় ২০ মাইল দূরে ক্যাটালিনা দ্বীপের কাছে এ ঘটনা ঘটে।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুই জেলে গ্র্যান্ট গ্যারেট ও শন নর্টন জানান, তারা মাছ ধরার সময় পানিতে একজন মানুষকে হাত-পা ছুড়ে ভেসে থাকতে দেখেন। বিষয়টি বুঝতে পেরে দ্রুত নৌকার গতি কমিয়ে মাছ ধরার সরঞ্জাম গুটিয়ে তাকে উদ্ধার করার উদ্যোগ নেন।
উদ্ধারের পর ওই ব্যক্তি নিজেকে ‘ওভেশন অব দ্য সিজ’ নামের ১৪ ডেকবিশিষ্ট ক্রুজ জাহাজের পিয়ানোবাদক হিসেবে পরিচয় দেন। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানায়, পানিতে একজন মানুষ বিপদে পড়েছেন, এমন খবর পেয়ে তারা ঘটনাটি সম্পর্কে জানতে পারে। তবে এর আগেই এক সহৃদয় ব্যক্তি তাকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া পিয়ানোবাদককে পরে নিউপোর্ট বিচের লাইফগার্ডদের কাছে হস্তান্তর করা হয়। চিকিৎসকেরা জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।