সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পোপ লিও'র আর্জেন্টিনা সফরে গণতন্ত্র রক্ষার আহ্বান

পোপ চতুর্দশ লিও আর্জেন্টিনায় গণতন্ত্র রক্ষার আহ্বান জানালেন।

পোপ লিও'র আর্জেন্টিনা সফরে গণতন্ত্র রক্ষার আহ্বান

আর্জেন্টিনায় প্রথম রাষ্ট্রীয় সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ও রাজনৈতিক নেতাদের গণতন্ত্র রক্ষার আহ্বান জানিয়েছেন পোপ চতুর্দশ লিও। তিনি জনজীবনে দায়িত্বশীল আচরণ, কথাবার্তায় সতর্কতা এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধা দেখানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

রোববার (৮ নভেম্বর) বুয়েনস এইরেসে দেওয়া প্রথম ভাষণে পোপ বলেন, 'গণতন্ত্র আর্জেন্টিনার ঐতিহ্যের অংশ, যা সুরক্ষিত রাখা প্রয়োজন।' যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া পোপ চতুর্দশ লিওর এ সফরের মাধ্যমে প্রায় চার দশক পর কোনো পোপ আর্জেন্টিনা সফর করছেন।

পোপের সফরের শুরুতেই তিনি প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেন। পরে বুয়েনস এইরেসের পালাসিও লিবারতাদে রাজনৈতিক নেতাদের, নাগরিক সমাজের প্রতিনিধি ও কূটনীতিকদের সঙ্গে এক অনুষ্ঠানে বক্তব্য দেন।

তিনি গণতন্ত্রকে শক্তিশালী করতে দৈনন্দিন রাষ্ট্রীয় ও সামাজিক কর্মকাণ্ডে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, 'মানুষের কথা শোনার মানসিকতা, শব্দ ব্যবহারে সতর্কতা, ধৈর্যের সঙ্গে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা এবং ভিন্নমতের মানুষকে অভিন্ন ভবিষ্যতের সহনাগরিক হিসেবে দেখার মধ্য দিয়েই গণতন্ত্র আরও শক্তিশালী হয়।'

পোপ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের স্বাধীনতার কথাও তুলে ধরেন, যা গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তিনি রাজনৈতিক নেতাদের ক্ষমতার সীমাবদ্ধতা উপলব্ধি করার আহ্বান জানান এবং আইনের প্রতি আস্থা ও স্বাধীনভাবে নিজের মত প্রকাশের সুযোগের গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরও বলেন, 'কর্তৃত্বের প্রকৃত প্রকাশ ঘটে তখনই, যখন তা সেবার মনোভাব নিয়ে প্রয়োগ করা হয় এবং সবার কল্যাণে ক্ষমতা ব্যবহার করা হয়।' পোপের এ সফরে ধর্মীয় আয়োজনের পাশাপাশি আর্জেন্টিনার গণতন্ত্র, রাজনৈতিক সহনশীলতা, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক সংকটের বিষয়গুলোও গুরুত্ব পাচ্ছে।

পোপ আগামী ১১ নভেম্বর পর্যন্ত আর্জেন্টিনায় অবস্থান করবেন।

বিজ্ঞাপন