অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট ‘এ’ ক্রিকেট থেকেও সরে দাঁড়াচ্ছেন।
ম্যাক্সওয়েল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন এবং ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত মেলবোর্ন স্টার্সের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। বিগ ব্যাশ লিগে (বিবিএল) তাকে দেখা যাবে। গত বছর জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ রেখেছিলেন।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে অংশগ্রহণ করেন তিনি, যদিও তার দল গ্রুপ পর্ব পেরোতে পারেনি। ফেব্রুয়ারিতে ওমানের বিপক্ষে ম্যাচটি ছিল তার দেশের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ। ওই ম্যাচে তিনি দুটি উইকেট নিলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি।
‘দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে ম্যাক্সওয়েল বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে তার অবসর নিয়ে আলোচনা হয়েছে। তবে দলীয় ব্যবস্থাপনার পক্ষ থেকে কোনো চাপ ছিল না। তিনি জানান, বাংলাদেশের বিপক্ষে সিরিজে তরুণ ক্রিকেটারদের সুযোগ পেয়ে ভালো করার কথা উল্লেখ করেন।
ম্যাক্সওয়েল বলেন, তিনি এমসিজিতে বিদায়ী একটি ম্যাচ খেলার আশা করেছিলেন, তবে অস্ট্রেলিয়া দলের ভবিষ্যৎ পরিকল্পনা বুঝতে পারছেন। ২০২৮ সালের অলিম্পিক সামনে রেখে আগামী ১২ থেকে ২৪ মাসে দলে বড় পরিবর্তন আসতে পারে।
জাতীয় দলের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত সক্রিয় ছিলেন ম্যাক্সওয়েল। গত সেপ্টেম্বরে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে বেলফাস্ট উলভসকে ফাইনালে তুলেছিলেন। তিনি জানান, সতীর্থদের কাছে বিদায়ের কথা জানাতে গিয়ে আবেগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল।
ম্যাক্সওয়েল বলেন, ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তবে হাঁটুর চিকিৎসার জন্য ইনজেকশন নেওয়ার সিদ্ধান্ত নেন।
অস্ট্রেলিয়ার হয়ে ১৩০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ২ হাজার ৮৯৭ রান করেছেন ম্যাক্সওয়েল এবং ৫১ উইকেট নিয়েছেন। তার সেঞ্চুরি সংখ্যা পাঁচটি, যা ভারতের রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে বিশ্ব রেকর্ড। ওয়ানডে বিশ্বকাপ দুবার জিতেছেন তিনি এবং ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন।